রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০৯ মার্চ) বিকেলে উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকার মৃত মোতালেব শেখের ছেলে জাহিদ শেখ (৩৫)। তিনি পুড়াভিটা এলাকার সালমার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দীন মুন্সীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সোমবার সন্ধ্যার দিকে দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত জাহিদ শেখের বসত ঘরে অভিযান পরিচালনা করে তার ঘরের ভেতর তল্লাশি চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদক নির্মূলে গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন