রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জামির বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (২১ জুন) রাত ৯ টার দিকে ঢাকার একটি হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন পাট্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আকিদুল ইসলাম। নিহত জামির বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের মো: হোসেন আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় জামির বিশ্বাস (নিহত) গুরুতর আহত হলে তাকে প্রথম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার একটি হসপিটালে ভর্তি করা হয়। রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে জন্য কাজ করছে পুলিশ।
মন্তব্য করুন