কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের চলমান নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো: হারুন অর রশিদের নেতৃত্বে ৪ হাজার মোটর সাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা করেছে নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল ১১ টায় রাজবাড়ী জেলার শেষ প্রান্তে কুষ্টিয়া সিমান্ত শিয়ালডাঙ্গী এলাকা থেকে মোটর শোভা যাত্রা শুরু করে কালুখালীর উপজেলার শেষ প্রান্তে গিয়ে এ শোভাযাত্রা শেষ হয়। মোটর সাইকেল শোভাযাত্রায় পাংশা ও কালুখালী উপজেলার সকল ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এ মোটর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সকল নেতাকর্মীকে মাঠে থাকার আহ্বান জানালেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারন অর রশিদ। সকাল থেকেই নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে হাইওয়ে সড়কে অবস্থান করেন। পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের নেতাকর্মীরা শিয়ালডাঙ্গী এলাকায়, মাছপাড়া ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা তত্তিপুর বাস স্ট্যান্ড, সরিষা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা হেনামোড় বাস স্ট্যান্ড, বাবুপাড়া ইউনিয়নের নেতাকর্মীরা ফুলতলা, পাট্টা ও কসবামাজাইল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মৈশালা বাস স্ট্যান্ড, মৌরাট ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা আজিজ সরদার বাসস্ট্যান্ড, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজিজ সরদার বাস স্ট্যান্ড ও কলেজ মোড়, যশাই হাবাসপুর বাহাদুরপুর ইউনিয়নের নেতাকর্মীরা কলেজ মোড় এলাকায় জমায়েত হয়। পরে রাজবাড়ী- ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদের নেতৃত্বে একযোগে মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি রাজবাড়ীর কালুখালী উপজপলার সীমান্তবর্তী এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য মো: হারুন অর রশিদ বলেন, আমাদের মানবিক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডে ওয়ান থেকে কাজ শুরু করেছেন, সেদিন থেকেই পতিত আওয়ামীল ফ্যাসিবাদ ও তাদের দোষররা ষড়যন্ত্র শুরু করেছে, সম্প্রতি গোপালগঞ্জে তারা যে তান্ডব লীলা চালিয়েছে আমরা চাইলে সারা বাংলাদেশে তাণ্ডব লীলা করতে পারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি পালন করতে, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী ও সাধারণ ভোটারদের বলতে চাই আসুন সহঅস্থানে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাই, আপনারা যদি কোন প্রকার অরাজকতা করার চেষ্টা করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাত গুটে বসে থাকবে না। আগামী দিন গুলোতে সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঠে থেকে সক্রিয় অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ চাঁদ আলীখানসহ কালুখালী,পাংশা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন