রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি অটোরিকশা ও একটি মাহিন্দ্রা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় একজন নিহত ও অন্তত ৬জন আহত গুরুতর হয়েছেন।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ীগামী একটি তেলবাহী ট্রেন খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনটির পেছনের পাঁচটি বগি মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ইঞ্জিন ও সামনের অংশ রেলগেট পার হয়ে যাওয়ায় গেটম্যান রেললাইন ফাঁকা মনে করে ব্যারিয়ার তুলে দেন। এ সময় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা রেললাইন পার হওয়ার চেষ্টা করলে বিচ্ছিন্ন হয়ে আসা বগিগুলো সজোরে ওই যানবাহনগুলোকে ধাক্কা দেয়।
সংঘর্ষে মাহিন্দ্রাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বাসটি ধাক্কা খেয়ে রেললাইনের পাশের খাদে পড়ে যায় এবং অটোরিকশাটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত ৭জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই রেলগেট এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধারকাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
রেলওয়ে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে চলন্ত অবস্থায় তেলবাহী ট্রেনের পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। এখন পর্যন্ত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মন্তব্য করুন