রাজবাড়ীতে স্বেচ্ছাসেবা, সুশাসন, নাগরিক দায়িত্ব ও মানসিক স্বাস্থ্যবিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের একাডেমিক ভবন-২-এ এই কর্মশালার আয়োজন করা হয়।
রাজবাড়ী জেলা সদর হাসপাতাল এবং রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ ইউনিটের রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ততা, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের ভূমিকা, দায়িত্বশীল নাগরিকত্ব এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। আয়োজনে মূল নেতৃত্ব এবং কর্মশালা সেশনটি পরিচালনা করেন অনুষ্ঠানের মুখ্য আলোচক রাজবাড়ী জেলা সদর হাসপাতালের কনসালটেন্ট (সার্জারি) ও ক্যাজুয়ালটি অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের সুপারভাইজার ডাঃ রাজীব দে সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজভী জামান। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবু জিহাদ আনছারী এবং কলেজের সহকারী অধ্যাপক ও রেড ক্রিসেন্ট ইউনিটের সম্পাদক মো. মাসুদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একই কলেজের সহকারী অধ্যাপক জনাব আহসান হাবীব।
কর্মশালায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবা কেবল মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি দায়িত্বশীল, মানবিক ও সচেতন নাগরিক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দুর্যোগ, দুর্ঘটনা, জনস্বাস্থ্য সংকটসহ বিভিন্ন পরিস্থিতিতে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় তরুণদের সচেতন অংশগ্রহণ প্রয়োজন।
প্রধান আলোচক ডাঃ রাজীব দে সরকার মানসিক স্বাস্থ্যকে ব্যক্তিগত সুস্থতার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সামগ্রিক কল্যাণের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মানসিক চাপ, উদ্বেগ ও নানা সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহমর্মিতা, সচেতনতা এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা নেওয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
তিনি বলেন, একজন শিক্ষার্থীর শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ। নিজের ও অন্যের প্রতি দায়িত্বশীল আচরণ, সহমর্মিতা এবং সংকটে সহযোগিতার মানসিকতা একটি সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততা, নাগরিক দায়িত্ব পালনের বিভিন্ন দিক এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়। কলেজের শিক্ষক, রেড ক্রিসেন্টের সদস্য এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কর্মশালায় অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন