রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধ, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যানজট নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন এবং মানব পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন ও মাটি কাটা সম্পূর্ণ বন্ধ এবং মহাসড়কে অবৈধভাবে মাটি পরিবহন নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনকে আরও তৎপর এবং কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদারসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
মন্তব্য করুন