দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসাম মিয়ার নির্দেশনায় রেলস্টেশন-সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্যসচিব সানোয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু সাঈদ মন্ডল বক্তব্য রাখেন।এ-সময় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। অথচ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, থানা আক্রমণ, অস্ত্র লুট ও জননিরাপত্তা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ড জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও যানবাহনে হামলা, অগ্নিসংযোগ এবং অস্ত্র লুটের ঘটনাকে কোনোভাবেই বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন। বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো রাজনৈতিক দলের পরিচয়ে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা জনসাধারণের জানমালের ক্ষতি করার সুযোগ দেওয়া যাবে না। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র থাকলে তা রাজনৈতিক সচেতনতা ও ঐক্যের মাধ্যমে মোকাবিলা করতে হবে। তারা বলেন, গোয়ালন্দে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে বিএনপি রাজনৈতিকভাবে তার প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে। তবে কোনো ধরনের উসকানি বা সহিংসতায় পা না দিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে পরিস্থিতি মোকাবিলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
মন্তব্য করুন