ঢাকায় ভাইয়ের কর্মসূত্রে চীনা যুবকের সাথে বন্ধুত্ব, এরপর বন্ধুর বোন নার্গিসের সাথে পরিচয়, ধীরে ধীরে সেই পরিচয় গড়ায় প্রেমেমের সম্পর্কে। আর সেই ভালোবাসার টানেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন চীনা যুবক জ্যাকি চেউং (৩৫)। অবশেষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারের (২৪) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চীনা নাগরিক জ্যাকি চেউং।
দুই দেশের দুই নাগরিকের এই ব্যতিক্রমী বিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই কনের বাড়িতে ভিড় করছেন উৎসুক এলাকাবাসী। নার্গিসের চোখে আগামী দিনের রঙিন স্বপ্ন। কিন্তু তার পরিবার ও এলাকাবাসী নানান অনিশ্চয়তাসহ প্রতারনার শঙ্কাও করছেন।
জানা যায়, নার্গিসের ভাই সিরাজুল ইসলাম ঢাকায় একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করতেন চীনা নাগরিক জ্যাকি চেউং। কর্মক্ষেত্রেই তাঁদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। বছর দুই আগে জ্যাকি চেউং ফিরে যান নিজ দেশে। এরপর তার প্রতিনিয়ত যোগাযোগ ছিল সিরাজুলের সাথে। সেই সূত্র ধরেই মাস তিনেক আগে জ্যাকি চেউংয়ের সাথে পরিচয় হয় সিরাজুলের বোন নার্গিস আক্তারের সাথে। এক পর্যায়ে চীনা যুবক জ্যাকি চেউং নার্গিসকে বিয়ের প্রস্তাব দেয়। ইসলাম ধর্ম গ্রহনসহ নানা শর্তে উভয়ের পরিবার বিয়েতে সম্মত হয়।
এরপর গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক জ্যাকি চেউং। গত ৩ নভেম্বর আদালতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহন ও তাঁদের বিয়ের হলফনামা সম্পন্ন হয়। পরবর্তীতে গত ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় নার্গিসদের বাড়িতে।
চীনা যুবক জ্যাকি চেউং বলেন, নার্গিসের সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তাঁর প্রতি ভালোলাগা তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তিনি নার্গিসকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত থেকেই চীন থেকে বাংলাদেশে এসেছেন। নার্গিসকে বিয়ে করতে পেরে তিনি খুবই আনন্দিত। বাংলাদেশে এসে নার্গিসের পরিবার ও স্বজনদের ভালোবাসা পেয়ে তাঁর ভালো লাগছে। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সংসার করতে চান তিনি। সেই সাথে নার্গিসের যখন খুশি তখন বাংলাদেশে আসতে পারবে। এছাড়া নার্গিসের মাকেও চীনে নিয়ে যাবেন বলে তিনি জানান।
অন্যদিকে, নার্গিস আক্তার বলেন, ভাইয়ের মাধ্যমে জ্যাকির সঙ্গে পরিচয় হয়। প্রথমে সাধারণ ভাবে কথা বললেও ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। জ্যাকি তাঁকে বিয়ে করার জন্য চীন থেকে বাংলাদেশে আসায় তিনি খুবই খুশি। পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়েছে। তিনি স্বামীর সঙ্গে চীনে গিয়ে স্বপ্নের নতুন জীবন শুরু করতে চাই।
নার্গিস আক্তার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের খোয়াজ খানের মেয়ে। অন্যদিকে, জ্যাকি চেউং চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টির চেংতুন টাউনের ঝাংঝুয়াং এলাকার বাসিন্দা। তাঁর বাবা ঝাং সিনহাই। জ্যাকি চীনে লড়ির চালক হিসেবে কাজ করেন। তাঁদের পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ।
সোমবার নার্গিস আক্তারের বাড়িতে গিয়ে দেখা যায়, বিয়ের পর স্ত্রীকে নিয়ে বেশ আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটছে জ্যাকি চেউংয়ের। নতুন জীবনের শুরুতে বাংলাদেশি পরিবার ও আত্মীয়-স্বজনের সান্নিধ্য উপভোগ করছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের পাশাপাশি দুরদুরান্ত থেকেও অনেক মানুষ আসছেন নবদম্পতিকে দেখতে। কেউ জ্যাকির সঙ্গে পরিচিত হচ্ছেন, কেউ আবার তাঁর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এসময় অনেকেই মোবাইল এ্যাফসের মাধ্যমের গল্প-আড্ডা দিচ্ছে ওই চীনা যুবকের সাথে।
নার্গিস আক্তারের খালা জাহানারা বেগম বলেন, ‘বিদেশী ছেলের সাথে আমার ভাগনির বিয়েতে আমরা যেমন আনন্দিত, তেমনি নানা ধরনে শঙ্কায়ও আছি। যদিও তাদের সাথে আমার বোনেরও চীনে যাওয়ার কথা, তারপরও একটি ফোন নম্বর ছাড়া আমরা তাদের আর কিছু জানি না। ফোনটি বন্ধ হয়ে গেলেই আর যোগাযোগ করতে পারব না।’ তিনি আরো জানান, জ্যাকির মাসহ পরিবারের সদস্যদের সাথেও আমার কথা হয়েছে। তারাও এই বিয়েতে অনেক খুশি বলে তারা নিশ্চিত করেছেন।
নার্গিস আক্তারের মা হাসিনা বেগম জানান, আমার মেয়ে ও বিদেশী ওই যুবকের বিয়ের আগ্রহে আমরা আপত্তি করিনি। আমার ছেলের সাথেও জ্যাকির দীর্ঘ দিনের পরিচয়। আশাকরি ওদের আগামীদিনগুলো ভালোই কাটবে। তিনি আরো জানান, তিনিও চীনে যাওয়ার জন্য পাসপোর্টসহ নানা কার্যক্রম শেষ করেছেন।
দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক ও গোয়ালন্দ উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিষয়টি আমি অবগত ছিলাম না। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখব। একই সঙ্গে বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্ক বা বিয়ের ক্ষেত্রে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা জানান, প্রাপ্তবয়ষ্ক কোন নারীর বিদেশী নাগরিককে বিয়ে করতে আমাদের আইন অনুযায়ী সরকারের কোন অনুমতি প্রয়োজন হয় না, যেটা সরকারী চাকুরীজিবীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের প্রয়োজন হয়। তবে এ ধরনের সম্পর্ক বা বিয়েতে জড়ানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়া জরুরি।
মন্তব্য করুন