দৌলতদিয়া ফেরি ঘাটে মর্মান্তিক বাসডুবিতে প্রাণহানির ঘটনার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ফেরিতে যানবাহন উঠার পূর্বে যানবাহন থেকে সকল যাত্রী নামিয়ে দেয়া কঠোর ভাবে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কিন্তু ফেরিঘাটের এপ্রোজ সড়কগুলোতে পায়ে হাঁটার উপযুক্ত পথ না থাকাসহ নানা কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ্য যাত্রীরা বিপাকে পড়ছেন।
জানা যায়, চলতি বছর ২৫ মার্চ দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় পদ্মায় বাসডুবির ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। এরপর থেকে কর্তৃপক্ষ যানবাহন ফেরিতে উঠার পূর্বে যানবাহনের সকল যাত্রী নামিয়ে দিয়ে পায়ে হেঁটে ফেরিতে উঠা নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থান নেয়। এরপর গত ৫ জুন আবারও দৌলতদিয়া ফেরি ঘাটে বাসডুবির ঘটনা ঘটনা ঘটে। তবে এবারের বাস ডুবির ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। কারণ কর্তৃপক্ষের এই সতর্কতামূলক ব্যবস্থায় ডুবে যাওয়া বাসে কোন যাত্রী ছিল না। এতেকরে কর্তৃপক্ষের এই উদ্যোগ বেশ প্রশংসা কুড়ায়।
তবে ফেরি ঘাটের এপ্রোজ সড়কে উপযুক্ত পথ না থাকা, বৃষ্টিতে ভেজা, রাতে ছিনতাইকারীর হানাসহ নানা কারণে পায়ে হেঁটে ফেরিতে উঠা যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। ছিনতাইকারীদের কবলে পড়া যাত্রীরা দুর-দুরান্তের হওয়াল তারা থানা পুলিশে কোন অভিযোগ না দিয়েই গন্তব্যে চলে যান। এছাড়া শিশু, বয়বৃদ্ধ ও অসুস্থ্য যাত্রীরা এই নিয়ম মানতে গিয়ে চরম বিরম্বনার শিকার হচ্ছেন।
গোয়ালন্দ উপজেলার ফেলু মোল্লার পাড়া গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেন জানান, সম্প্রতি তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১২টার দিকে পাটুরিয়া ঘাটে তাদের বাসটি আসলে ফেরিতে উঠার পূর্বে বাস থেকে সকল যাত্রী নামিয়ে দেয়া হয়। তারা তখন পায়ে হেঁটে ফেরিতে উঠছিলেন। এসময় এক যাত্রী ফোনে কথা বলছিলেন। হঠাৎ করে ছিনতাইকারীরা ছোঁ মেরে তার হাতের মোবাইল ফোনটি নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। ফোটিসেটটি খুইয়ে অসহায় ওই যাত্রী ফেরিতে উঠতে বাধ্য হয় বলে তিনি জানান।
কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী জেআর পরিবহনের যাত্রী মো. শামীম হোসেন তরফদার জানান, ফেরিতে যানবাহন উঠার সময় সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে যাত্রীদের নামিয়ে দেয়া হয়। দূর্ঘটনার ভয়াবহতা বিবেচনায় আমরা বিষয়টি মেনে নিয়েছি। জীবন রক্ষায় যদিও সবাই কর্তৃপক্ষের এই নির্দেশনা কিছুটা দূর্ভোগ হলেও মেনে নিয়েছি। তবে আমাদের দাবি, ফেরি ঘাটের পন্টুনের নিরাপত্তা বেষ্টুনী এমন ভাবে স্থাপন করা হোক, যাতে কোন বাস নিয়ন্ত্রণ হারালেও নদীতে পড়ে যাওয়ার কোন আশঙ্কা না থাকে। তাহলে যানবাহনগুলো যাত্রী নিয়ে ফেরিতে উঠতে পারবে। এতে ফেরি ঘাটের এই বিড়ম্বনা থেকে যাত্রীরা রেহাই পাবে।
ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী আঞ্জুমানারা বেগম (৩২) জানান, ফেরি পারাপার বাসে ঢাকায় যাচ্ছি। আগে বাসে উঠার পর একবারে ঢাকায় গিয়ে নামতে পারতাম। বর্তমানে নিরাপত্তার কারণে ফেরি ঘাটে এসে বাস থেকে সকল যাত্রীকে নামিয়ে দেয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমার সাথে দু’টি শিশু এবং ৭৫ বছর বয়সী আমার শ্বাশুড়ি রয়েছে। এদের নিয়ে বাস থেকে নেমে ফেরিতে উঠতে গিয়ে চরম দূর্ভোগের শিকার হচ্ছি। এই দূর্ভোগ থেকে পরিত্রাণের পথ বের করতে হবে।’
রাজবাড়ী থেকে ঢাকাগামী যাত্রী মো. আলমগীর হোসেন জানান, তিনি এই রুট দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন। সতর্কতার জন্য যদি পায়ে হেঁটে ফেরিতে উঠতে হয়, তবে ফেরিঘাটের এপ্রোজ সড়কে পায়ে হাঁটার যথাপযুক্ত পথ থাকা দরকার। যেখানে উপরে সেড (ছাউনি) করা থাকবে। সেই সাথে অসুস্থ্য ও বয়ষ্ক যাত্রীদের হুইল চেয়ারে চলাচলের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া ঘাট এলাকায় রাতে নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরী।
দৌলতদিয়া ঘাট এলাকার বাসিন্দা শেখ মমিন জানান, যানবাহন থেকে নেমে যাত্রীরা ফেরিতে উঠার কারণে নানা ধরনের দূর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে শিশু ও বয়ষ্ক মানুষের ভোগান্তি চোখে পড়ার মত। এছাড়া বৃষ্টির সময় যাত্রীরা পায়ে হেঁটে ফেরিতে উঠতে গিয়ে চরম বিড়ম্বনার শিকার হন।
এ প্রসঙ্গে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রীনাথ সাহা জানান, নৌপুলিশ নদীর ভেতরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে। সেই হিসেবে আমরা ফেরি ঘাটের পন্টুনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে থাকি। নদী পাড়ের নিরাপত্তায় সাধারনত থানা পুলিশ কাজ করে থাকে।
গোয়ালন্দ ঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. হুমায়ন রেজা জানান, যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে ফেরি ওঠা কোন যাত্রী ছিনতাইয়ে শিকার হয়েছে মর্মে থানায় কোন অভিযোগ আসে নাই। তবে আমাদের টহল পুলিশ দলকে দৌলতদিয়া ঘাট এলাকায় আরো সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হবে বলে তিনি জানান।
বিআইডব্লিউটিসি’র উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঝুকি এড়াতে যাত্রীদের যানবাহন থেকে নেমে ফেরিতে উঠার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। এখানে ভোগান্তির কিছু নেই। যানবাহন ফেরিতে উঠার পূর্বে সকল যাত্রী নেমে পায়ে হেঁটে ফেরিতে উঠবে এটাই নিয়ম। এ ব্যাপারে প্রদত্ত টিকিটের উপরেও নির্দেশনা দেয়া আছে। ফেরি ঘাটের এপ্রোজ সড়কে যাত্রীদের পায়ে হাঁটার পথ আছে, যা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই পথ সংস্কার করা হবে বলে তিনি জানান।
মন্তব্য করুন