রাজবাড়ীর গোয়ালন্দে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধপূর্ণ ২০ শতাংশ জমির দখল বাদীপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) আদালতের নাজির ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমি পরিমাপ ও সীমানা নির্ধারণ শেষে আনুষ্ঠানিকভাবে এ দখল বুঝিয়ে দেওয়া হয়। এ সময় ঢাকঢোল পিটিয়ে আদালতের আদেশ বাস্তবায়নের বিষয়টি জানান দেওয়া হয়। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া মৌজায় এ কার্যক্রম পরিচালিত হয়। রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের নাজির ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশি সহযোগিতায় জমি পরিমাপ ও সীমানা নির্ধারণ করা হয়। এ-সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালত ও সংশ্লিষ্ট নথি সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া মৌজার ২০ শতাংশ জমির মালিকানা ও ভোগদখল নিয়ে স্থানীয় বাসিন্দা মো. হাবিব ফকির ও মো. সালাউদ্দিন ফকিরের সঙ্গে মো. জিয়া সরদার ও মো. আলামিন সরদারের বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় হাবিব ফকির ও সালাউদ্দিন ফকির ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গোয়ালন্দ সিভিল জজ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে দেওয়ানি ৩৪/২০২৪ নম্বর মামলা দায়ের করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি আদালত বিবাদীদের বিরুদ্ধে একতরফাভাবে বাদীপক্ষের অনুকূলে বিনা খরচায় স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রদান করেন। ডিক্রিতে বিবাদীদের বাদীপক্ষের শান্তিপূর্ণ ভোগদখলে বাধা সৃষ্টি, জমির আকৃতি-প্রকৃতি পরিবর্তন এবং জোরপূর্বক প্রবেশ করে বাদীপক্ষকে বেদখল করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। মামলার দাবিকৃত জমিটি গোয়ালন্দ উপজেলার ৪৬ নম্বর উত্তর দৌলতদিয়া মৌজায় অবস্থিত। বি.এস. ১৭২৮ নম্বর খতিয়ানভুক্ত (প্রস্তাবিত বি.এস. ২৫৭২ নম্বর খতিয়ান) ৫৯৯৩ নম্বর দাগের মোট ৬৪ শতাংশ জমির পূর্ব প্রান্তের ২০ শতাংশ জমি নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে আদালতের ডিক্রি বাস্তবায়নের জন্য দেওয়ানি জারি ০১/২০২৬ নম্বর মামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ নভেম্বর গোয়ালন্দ সিভিল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা দিবা জেলা ও দায়রা জজ আদালতের নেজারত বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল শনিবার আদালতের নাজির ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. মোফাজ্জল হোসেনের উপস্থিতিতে পুলিশি সহযোগিতায় জমি পরিমাপ ও সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হয়। পরে আদালতের ডিক্রি অনুযায়ী বাদীপক্ষকে তাঁদের দাবিকৃত ২০ শতাংশ জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। এ-সময় সার্ভেয়ার, জারি কারক সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন। আদালতের ডিক্রি বাস্তবায়নের মধ্য দিয়ে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের আইনি নিষ্পত্তি কার্যকর হলো।
মন্তব্য করুন