দাম বৃদ্ধি ও ডিপো থেকে তেলের সরবরাহ বাড়ায় রাজবাড়ীর পেট্রোল পাম্প গুলোতে কমেছে যানবাহন ও মোটর বাইক চালকদের সিরিয়াল। আগে এক থেকে ৩ ঘন্টা সিরিয়ালে অপেক্ষায় থাকলেও এখন ৩০ মিনিটের মধ্যে গ্রাহকরা পাচ্ছেন তেল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী ও পলাশ ফিলিং স্টেশনে গিয়ে এ চিত্র দেখা যায়।
এসব পাম্পে সকাল থেকে রাজবাড়ী ফিলিং স্টেশনে শুধু কৃষক, যানবাহন সহ অন্যান্যদের মাঝে ডিজেল এবং পলাশ ফিলিং স্টেশনে মোটর সাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাস সহ ছোট গাড়িতে পেট্রোল দেওয়া হচ্ছে। এ সময় শৃঙ্খলা রক্ষা সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে পাম্প দ্বায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সহ ট্যাগ অফিসারদের।
পাম্প কর্তৃপক্ষ ও গ্রাহকদের দাবি, তেলের দাম বৃদ্ধি ও ডিপো থেকে বরাদ্দ বাড়ায় কমছে সিরিয়াল। আগের তুলনায় সিরিয়াল অর্ধেকে নেমে এসেছে এবং আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। আগে কম দামে তেল নিয়ে অনেক মজুদ করে বাইরে বেশি দামে বিক্রি করেছে। এখন দাম বাড়ায় সেটা অনেকটাই বন্ধ হয়ে গেছে। তবে তেলের দাম বাড়ানো যৌক্তিক হয় নাই বলে দাবি গ্রাহকদের। সবার কথা চিন্তা করে দাম বাড়ানো উচিত ছিল।
বাইক চালক মোসলেম উদ্দিন, রুবেল মিয়া বলেন, দাম বাড়ার আগে তেল নিতে আসলেই দেখা যেত এক কিলোমিটারের লম্বা সিরিয়াল। এখন সে সিরিয়াল অনেকটা কমলেও দাম বৃদ্ধিতে সমস্যা হচ্ছে। এই প্রভাব সব ক্ষেত্রে পড়বে। তারপরও বাধ্য হয়ে জীবিকার তাগিদে তেল নিতে হচ্ছে। কারণ তেল না পেলে তো কাজ কর্ম করা সম্ভব না। আমরা চাই শান্তি ও সব কিছুর দাম সহনীয় পর্যায়ে থাকুক।
রাজবাড়ী পলাশ ফিলিং স্টেশনের ক্যাশিয়ার বিপুল কুমার বৈদ্য বলেন, দাম বাড়ার আগে পেট্রোল, অকটেন ও ডিজেল সহ ৬/৭ হাজার লিটার তেল পেতাম। আর এখন পাচ্ছি ৮/৯ হাজার লিটার। আরও বেশি পাব বলে আশবাদি। তবে ডিজেল ১০ হাজার সহ ১৬ হাজার লিটার তেল পেলে এই পাম্পে গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব।
অপরদিকে রাজবাড়ী ফিলিং স্টেশনের ম্যানেজার দুর্জয় বলেন, আগে রাজবাড়ী ও কাজী ফিলিং স্টেশন এই দুই পাম্পে সবমিলিয়ে ১৬/১৭ হাজার লিটার তেল পেলেও এখন পাচ্ছি ২২ হাজার লিটারের বেশি। ফলে চাপ কিছুটা কমেছে। আজ রাজবাড়ী ফিলিংয়ে ৯ হাজার লিটার ডিজেল এবং কাজী ফিলিংয়ে পেট্রোল ও অকটেন মিলে সাড়ে ১৩ হাজার লিটার তেল এসেছে। আগের তুলনায় ৪/৫ হাজার লিটার বেশি।
উল্লেখ্য, রাজবাড়ী শহরে ৩টি সহ মোট ১০টি পেট্রোল পাম্প রয়েছে। এরমধ্যে কিছু পাম্প পেট্রোল ও অকটেন এবং কিছু পাম্পে ডিজেল সরবরাহ করা হচ্ছে।
মন্তব্য করুন