গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল আকস্মিকভাবে রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন করেছেন।
বুধবার (১৭ জুন) দুপুরে আকস্মিকভাবে পরিদর্শনে এসে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, দেশের প্রতিটি জেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে, যাতে রোগীরা নিজ জেলায় স্বল্প খরচে চিকিৎসাসেবা পেতে পারেন।
মন্ত্রী বলেন, রাজবাড়ী সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপনের কাজ চলমান রয়েছে এবং এ সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।পাশাপাশি হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মর্গে ফ্রিজার স্থাপন এবং সেবার মান আরও বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। চিকিৎসক সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিশেষ বিসিএসের মাধ্যমে নতুন চিকিৎসক নিয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। রাজবাড়ী সদর হাসপাতালে সম্প্রতি ১৪ জন চিকিৎসক নিয়োগ পেলেও ৬ জন এখনও যোগদান করেননি বলে তিনি জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন