রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল বের করেন।
উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ সানুর সভাপতিত্বে এবং পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হাসান রাজিব, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদ, ছোট ভাকলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কবির বকুল, দেবগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রোকন দেওয়ান, উজানচর ইউনিয়ন যুবদলের সদস্য সবুর শেখ ও শামীম মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ সানু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানুষের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করাই হোক প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।” তিনি আরও বলেন, “যুবদলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। সংগঠনের সুনাম অক্ষুণ্ন রেখে আগামী দিনের প্রতিটি কর্মসূচিতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
মন্তব্য করুন