রাজবাড়ী প্রধান ডাকঘর (পোস্ট অফিস) এ আমানতের টাকা জমা রেখে প্রতারিত হয়েছেন ১০৪ জন গ্রাহক। পোস্ট মাস্টারসহ অন্যান্যদের যোগসাজসে গ্রাহকদের প্রায় দেড় কোটি টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি জানাজানি হবার প্রায় ৪ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন টাকা ফেরত পান নাই ভুক্তভোগী গ্রাহকরা। পরবর্তীতে এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেন গ্রহকরা। ওই মামলায় হাজির হলে ৭ জন গ্রেফতার দেখিয়ে অন্যান্য ৬ আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে আদালতের বিচারক। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশমুখে আত্মসাতের টাকা ফেরত, গ্রেফতারকৃত আসামীদের জামিন না দেওয়া এবং ওয়ারেন্ট ইস্যুকৃত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী গ্রাহকরা। মানববন্ধন শেষে তারা আদালতের সামনের সড়ক ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
ভুক্তভোগী গ্রাহকরা বলেন, রাজবাড়ী পোস্ট অফিসে জমা রাখা তাদের ১০৪ জন গ্রাহকের প্রায় দেড় কোটি টাকা আত্মসাত করেছে পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র, লেটার রাইটার শিহাব সহ অন্যান্যরা। বিষয়টি জানাজানির পর আন্দোলন করলে টাকা ফেরতের আশ্বাস দিলেও ৪ মাসে তারা একটি টাকাও পান নাই। অনেক কষ্ট করে টাকা গুলো জমা রেখেছিলেন। পরবর্তীতে ১৩ জনের নামে একটি মামলা করেছেন। ওই মামলায় ৭ জন গ্রেফতার হয়েছে। তারা যেন জামিন না পান এবং মামলার প্রধান আসামী পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র ও লেটার রাইটার শিহাব মৃধাসহ অন্যান্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সেই সাথে দ্রুত তাদের টাকা ফেরত দেবার ব্যবস্থা করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী গ্রাহক সফিক, সোনালী সরকার, ফরিদা পারভীনসহ অনেকে।
জানাগেছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাজবাড়ী প্রধান ডাকঘরে আমানত জমাকারী ১০৪ জন গ্রাহক প্রতারিত হন। তৎকালীন পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র সহ অন্যান্যদের যোগসাজসে লেটার রাইটার শিহাব গ্রাহকদের সাদা স্লিপ দিয়ে টাকা জমা রাখলেও সেই টাকা জমা হয় নাই পোস্ট অফিসের কোষাগারে। বিষয়টি জানাজানি হলে আত্মগোপনে যান অভিযুক্তরা। পরবর্তীতে ভুক্তভোগী গ্রাহক ও ডাক বিভাগের পক্ষ থেকে পৃথক দুইটি মামলা করা হয়।
মন্তব্য করুন