রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া টার্মিনালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে হোটেলে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার শর্তে স্বল্প পরিসরে সতর্কতামূলক এ জরিমানা করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া টার্মিনালে বিআইডব্লিউটিসির ট্রাক বুকিং কাউন্টারের সামনে অবস্থিত হোটেলটিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। অভিযানকালে হোটেলটির খাবার পরিবেশনের স্থান ও সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পরিদর্শন করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের বিষয়টি নজরে এলে হোটেল কর্তৃপক্ষকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে হোটেলের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা বলেন, খাবারের মান ও পরিবেশের পরিচ্ছন্নতার সঙ্গে জনস্বাস্থ্য সরাসরি জড়িত। বিশেষ করে দৌলতদিয়া ঘাটে প্রতিদিন অসংখ্য যাত্রী ও পরিবহনশ্রমিক খাবার গ্রহণ করেন। তাই কোনো হোটেল বা রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের সুযোগ নেই। আজমেরী হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি এক মাসের মধ্যে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর পুনরায় পরিদর্শন করা হবে। নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও খাবারের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন