রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ তুহিন মোল্লা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলপাড়া এলাকার ভানু মোল্লার ছেলে এবং দৌলতদিয়া পুড়াভিটার আলোচিত মাদক কারবারি রোজির মেয়ে জামাই।
রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তুহিন মোল্লাকে ২০০ গ্রাম হেরোইন গ্রেপ্তার করা হয়। এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আটক তুহিন মোল্লার বিরুদ্ধে এর আগে গোয়ালন্দঘাট থানায় একটি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। প্রাথমিকভাবে তাঁকে পেশাদার মাদক কারবারি হিসেবে শনাক্ত করা হয়েছে।
তপন সরকার আরও জানান, হেরোইনসহ আটকের পর তুহিন মোল্লাকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি কাজ করে যাচ্ছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, মাদক কারবারি তুহিন মোল্লার নামে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন