রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতরা হলেন রঘুনাথপুর গ্রামের মো. জাহাঙ্গীর সরদার (২৬), নিভা এনায়েতপুর গ্রামের আল আমীন শেখ (২৫) ও তাদের সহযোগী মো. আশরাফুল হক (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা উপজেলার রঘুনাথপুর এলাকার মালেক বিশ্বাসের পুকুরপাড় সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে মো. জাহাঙ্গীর সরদার ও আল আমীন শেখকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে জাহাঙ্গীর সরদারের লুঙ্গির কোচর থেকে ১০০ পিস এবং আল আমীন শেখের পাঞ্জাবির পকেট থেকে ১০০ পিসসহ মোট ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর ওজন প্রায় ২০ হাজার মিলিগ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তারা পরস্পরের যোগসাজশে বিভিন্ন স্থান থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে পাংশা উপজেলার গুধিবাড়ী এলাকা থেকে তাদের সহযোগী মো. আশরাফুল হককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এসআই (নিঃ) মো. চাঁন মিয়া বাদী হয়ে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি পাংশা থানার মামলা নং-৭ (তারিখ: ৯ জুন ২০২৬) হিসেবে রুজু করা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর সরদারের বিরুদ্ধে পূর্বে তিনটি এবং আশরাফুল হকের বিরুদ্ধে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। পরে আটক তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন