গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখা।
শনিবার (২৫ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে শহরের পরিত্যক্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজবাড়ী প্রেসক্লাব, পান্না চত্বর ও বড়পুল এলাকা প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম. তানভীর। বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, অফিস সম্পাদক শরিফুল ইসলাম এবং মিডিয়া ও বায়তুল মাল সম্পাদক আল মামুন। এছাড়াও জেলা সেক্রেটারিয়েটের সদস্যবৃন্দ, সংগঠনের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন জনগণের প্রত্যাশা। তারা অভিযোগ করেন, সরকার দায়িত্ব গ্রহণের পরও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিলম্ব করছে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এসব দাবি আদায় করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
মন্তব্য করুন