রাজবাড়ীর গোয়ালন্দে জমি থেকে পেঁয়াজের চারা তুলে ও কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক পরিবার। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে গোয়ালন্দঘাট থানায় এ সাধারণ ডায়েরি করা হয়। জিডি সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের মহিউদ্দিন খানের আড়াই বিঘা জমিতে প্রায় দেড় মাস আগে পেঁয়াজের চারা রোপণ করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতের কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই জমির প্রায় সাড়ে ১৬ শতাংশের পেঁয়াজের চারা তুলে ও কেটে নষ্ট করে। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। জিডিতে আরও উল্লেখ করা হয়, বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে মহিউদ্দিন খান জমিতে গিয়ে পেঁয়াজের চারা নষ্ট করার বিষয়টি দেখতে পান।
স্থানীয় বাসিন্দারা বলেন, “কৃষকের ফসল এভাবে নষ্ট করা অত্যন্ত দুঃখজনক। জমিতে অনেক পরিশ্রম করে ফসল ফলাতে হয়। যারা এ কাজ করেছে, তাদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”
উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, “ফসল নষ্ট করার ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এভাবে পেঁয়াজের চারা নষ্ট করা হলে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধ তদন্তের মাধ্যমে দোষী সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির নজির স্থাপন জরুরি।”
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আদালতের অনুমতি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন