রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সিয়াম উপজেলার উজানচর ইউনিয়নের মৃধাডাঙ্গা ঈদগাহ মাঠ এলাকার মো. শিপন মৃধার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (০৩ আগস্ট) সকালে ঘুম থেকে উঠে সিয়াম তার বড় ভাই জিসান ও দুই চাচাতো ভাইয়ের সঙ্গে বাড়ির উঠানে ছাগল নিয়ে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে পানিতে ডুবে যায় সে। পরবর্তীতে সিয়ামকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এসময় বড় ভাই জিসান দৌড়ে গিয়ে পুকুরে সিয়ামকে ভাসতে দেখে চিৎকার দেন। পরে স্বজনরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সিয়ামকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
মন্তব্য করুন