রাজবাড়ীর গোয়ালন্দে দুটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত ত্রুটিগুলো সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ল্যাব টেকনিশিয়ান না থাকা এবং লাইসেন্স নবায়নসংক্রান্ত ত্রুটির কারণে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে স্থান পরিবর্তনের বিষয়টি যথাযথভাবে অবহিত না করা এবং লাইসেন্স নবায়ন প্রক্রিয়ায় ধীরগতির কারণে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বলেন, ডায়াগনস্টিক সেন্টারগুলো সরাসরি স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। তাই এসব প্রতিষ্ঠানে অভিজ্ঞ ও দক্ষ ল্যাব টেকনিশিয়ান থাকা এবং স্বাস্থ্যসেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ লাইসেন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় যোগ্য জনবল ও কাগজপত্র ছাড়া কোনোভাবেই এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই। তিনি আরও বলেন, প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে প্রাথমিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের চিহ্নিত ত্রুটিগুলো দ্রুত সময়ের মধ্যে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ল্যাব টেকনিশিয়ান ছাড়া কোনো ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন