রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়কে নিরাপদ যানবাহন চলাচল নিশ্চিত করতে অভিযান চালিয়ে ফিটনেসবিহীন একটি ট্রাককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফিটনেস সনদ ছাড়া ট্রাক চালানোর দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭৫ ধারায় একটি পণ্যবাহী ট্রাককে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে ওই ট্রাকের চালককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বিষয়টি নিশ্চিত করে জানান, সড়কে যানবাহন চলাচলে আইন মেনে চলা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে এ ধরনের অভিযান নিয়মিত ভাবে পরিচালনা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন