রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে হেরোইনসহ ৬ মাদকসেবিকে আটক করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।
পরে ওই ৬ মাদকসেবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত মাদকসেবিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার মাধব লক্ষীকোল গ্রামের মৃত আকবার মোল্লার ছেলে মো. আজিবার মোল্লা (৩৫), বিনোদপুর গ্রামের মৃত মহিরুদ্দিন শেখের ছেলে মো. রতন (৩৮), লক্ষীকোল গ্রামের নুরালী শেখের ছেলে মো. বাহাদুর শেখ (৪০) ও ছোট নুরপুর গ্রামের আলতাফ প্রামানিকের ছেলে হৃদয় প্রামানিক (২২), মানিকগঞ্জ সদর উপজেলার আঙ্গুটিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. ওয়াসিম মিয়া (৩৫) এবং ঘিওর উপজেলার বাইলজুরি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো. আব্দুল মজিদ (৪২)।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলাধীন উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করে ওই ৬ মাদকসেবিকে হেরোইনসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৬ মাদকসেবির প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মন্তব্য করুন