রাজবাড়ী সদর উপজেলায় সাত বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর এক স্বজনের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার রাতে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন শিশুটির মা।
ওই মামলায় অভিযুক্ত মাসুদ মন্ডলের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায়। তবে তিনি সদর উপজেলায় শ্বশুর বাড়িতে বসবাস করেন।
শিশুটির মায়ের অভিযোগ, ঈদের আগের দিন বুধবার বিকেলে তাঁর মেয়েকে ঘরে রেখে তিনি বাড়ির আঙিনায় গরুর ঘাস কাটছিলেন। শিশুটিকে ঘরে একা পেয়ে তাঁর মুখ চেপে ধর্ষণের চেষ্টা করেন ওই ব্যক্তি। মেয়ের চিৎকার শুনে মা গেলে ওই ব্যক্তি পালিয়ে যান।
শিশুটির মায়ের ভাষ্য, স্বামীসহ পরিবারের সবার অনুরোধে বিষয়টি তিনি গোপন করার চেষ্টা করেছিলেন। কিন্তু দিন দিন তাঁর মেয়ে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ছে। বাধ্য হয়ে তিনি রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত মাসুদ মন্ডল পালতক রয়েছে, স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন।
মন্তব্য করুন