যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর২০২৬) সকালে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সাইফুল হুদা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাসের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজের প্রধানগণ এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুল হুদা বলেন, “শিক্ষকরাই হলেন উন্নত জাতি গঠনের প্রধান কারিগর। একটি মেধাভিত্তিক, নৈতিক ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষক দিবসে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো এবং গুণী শিক্ষকদের সম্মানিত করা অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ।”
সভাপতির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গোয়ালন্দ উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে সকল শিক্ষকের সার্বিক সহযোগিতা ও উৎসর্গীকৃত ভূমিকা প্রয়োজন।”
আলোচনা সভা শেষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার নির্বাচিত গুণী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
মন্তব্য করুন