রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগে দুলাল সরদার (৫৫) নামে এক জেলেকে ১ হাজার মিটার কারেন্ট জালসহ হাতেনাতে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে দৌলতদিয়া নৌপুলিশ ও গোয়ালন্দ উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নৌপুলিশের সদস্য এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। আটক দুলাল সরদার পাবনা জেলার আমিনপুর থানার গোয়ালনগর এলাকার মো. ইয়াদ আলী সরদারের ছেলে। তাঁকে গোয়ালন্দের বেতকা এলাকায় পদ্মা নদী থেকে নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক করা হয়। অভিযান চলাকালে নদীর বিভিন্ন পয়েন্টে পরিত্যক্ত অবস্থায় ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পাওয়া যায়। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া উদ্ধার করা ৫ কেজি ইলিশ মাছ নদীর তীরে স্থানীয় শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিতরণ করা মাছ স্থানীয় দুস্থ, অসহায় ও দরিদ্র শিশুদের দেওয়া হয়।
দৌলতদিয়া নৌপুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, আটক জেলের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা নদীতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মা ইলিশ সংরক্ষণে উপজেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশের যৌথ কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন