রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রকৃত কৃষক যাচাই-বাছাই বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) হাউলি কেউটিল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাৎ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, ছোটভাকলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা হিমেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষকগণ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ওই ব্লকের প্রকৃত কৃষকদের যাচাই-বাছাই এবং কারা কৃষক কার্ড পাওয়ার যোগ্য, তা নির্ধারণের উদ্দেশ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। যোগ্য কৃষকদের হাতেই যাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া যায়, সে বিষয়েই গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার বলেন, কৃষক কার্ড কর্মসূচির শতভাগ স্বচ্ছতা ও সফল বাস্তবায়ন নিশ্চিত করতে কৃষি বিভাগের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। প্রকৃত কৃষকেরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কৃষক কার্ডের সুবিধা পান, সে লক্ষ্যেই মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন