রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় নিরাপদ যান চলাচল নিশ্চিতকরণ ও অতিরিক্ত ওজনবাহী ট্রাকের মাধ্যমে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ লঙ্ঘনের দায়ে ৪টি ট্রাককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২:৪০ ঘটিকা পর্যন্ত গোয়ালন্দ উপজেলা ভূমি অফিস সংলগ্ন বিআইডব্লিউটিএ (BIWTA)-এর ওজন স্কেলে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান।
উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাতের অভিযানে ওজন স্কেলে বিভিন্ন পণ্যবাহী ট্রাকে পরীক্ষা চালানো হয়। নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত পণ্য পরিবহনের প্রমাণ পাওয়ায় ৪টি ট্রাককে অভিযুক্ত করা হয়। পরে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৪৯ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৯২ ধারা অনুযায়ী ৪টি পরিবহনকে সর্বমোট ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে চালকদের প্রত্যেকে ৭ থেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান জানান, সড়ক নিরাপদ রাখা এবং সরকারি সম্পত্তি সুরক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মন্তব্য করুন