রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে এক জেলেকে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার মান্নান মন্ডলের ডাঙ্গীর মৃত রুস্তম পালের ছেলে মো. ফজলুল হক পাল (৩২)।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে কলাবাগান এলাকায় একজন জেলেকে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ আহরণ করতে দেখে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার দেশের মৎস্যসম্পদ ধ্বংসের অন্যতম কারণ। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, উক্ত ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নৌ পুলিশ জানায়, পদ্মা নদীতে অবৈধভাবে কারেন্ট জাল ব্যবহারের কারণে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে এবং নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ কারণে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, অবৈধ জাল ব্যবহার বন্ধে প্রশাসনের পাশাপাশি জেলেদের সচেতনতা বৃদ্ধি জরুরি। একই সঙ্গে বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করা গেলে এ ধরনের অপরাধ কমে আসবে।
মন্তব্য করুন