রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে উপজেলার ২৬টি পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর২০২৬ (রবিবার) গোয়ালন্দ থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। সভায় শারদীয় দুর্গাপূজা চলাকালীন পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সিসি ক্যামেরা স্থাপন, নিচ্ছদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভক্তদের যাতায়াত সুগম করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে গোয়ালন্দের প্রতিটি মণ্ডপে অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য থানা পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। পূজা মণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম কাজ করবে।” তিনি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি পূজা কমিটির নেতৃবৃন্দকে সতর্ক থাকার ও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ২৬টি পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিবৃন্দ পূজা উদযাপনে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত সকল নির্দেশনা মেনে চলার আশ্বাস প্রদান করেন।
মন্তব্য করুন