রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মহাসড়কে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালিত হয়েছে।
আজ ২৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যার দিকে গোয়ালন্দ মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা মটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত। অভিযানকালে মহাসড়কে চলাচলকারী বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, রুট পারমিট ও রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন অমান্য করা এবং ত্রুটিপূর্ণ কাগজপত্র থাকার অপরাধে বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান জানান, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক দুর্ঘটনা রোধে লাইসেন্সবিহীন ও ত্রুটিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অত্যন্ত জরুরি। সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।
মন্তব্য করুন