‘আমারা সকলের অংশগ্রহনে, সকল ধর্মের মানুষ মিলেমিশে একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই। আমাদের সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’ বুধবার (২১ অক্টোবর) বেলা ৩টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মঠমন্দির সার্বজনীন দূর্গা পূজা মন্দির পরিদর্শণ কালে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘শারদীয় দূর্গা পূজা সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান হলেও এই উৎসবে সকল ধর্মের মানুষ অংশগ্রহন করে। তাই আমি মনে করি উৎসব সবারই। মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় আমাদের নেতা-কর্মীসহ সকলের সহযোগিতায় এবারের শারদীয় উৎসব নির্বিঘ্ন ও উৎসব মুখর ভাবে আমরা শেষ করতে পেরেছি।’
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস প্রমুখ। পরে পর্যায়ক্রমে প্রতিমন্ত্রী গোয়ালন্দের অন্যান্য পূজা মন্দির পরিদর্শন করেন।
মন্তব্য করুন