আগুন লাগলে আতঙ্কিত না হয়ে দ্রুত জরুরি সেবা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’-এ কল করার আহ্বান জানিয়েছে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শরিফুল ইসলাম জানান, বিপদে পড়লে পুলিশের জরুরি সেবা পেতে যেমন ‘৯৯৯’ নম্বরে কল করা যায়, তেমনি অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ‘১০২’ নম্বরে টোল ফ্রি কল করা যাবে। সাধারণ মানুষের মধ্যে এ নম্বরের পরিচিতি ও ব্যবহার বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরো বলেন, ‘ফায়ার সার্ভিসের ১০২ নম্বরে টোল ফ্রি কল করে সেবা পেতে প্রথমে নিজ জেলার নাম, এরপর উপজেলার নাম, দুর্ঘটনাস্থলের সুনির্দিষ্ট ঠিকানা, নিজের নাম ও মোবাইল নম্বর জানাতে হবে। এতে দ্রুত প্রয়োজনীয় ফায়ার সার্ভিস সেবা পাওয়া সহজ হবে।’ তিনি জানান, অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় আগাম সতর্কতা, সচেতনতা ও প্রাথমিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনার সময় দ্রুত সহায়তা পেতে জরুরি হটলাইন নম্বর ‘১০২’ সম্পর্কে সবাইকে জানতে হবে। দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি জানান।
মন্তব্য করুন