রাজবাড়ীর গোয়ালন্দে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ভোজ্য মসলার গুণগত মান নিশ্চিত করতে অভিযান চালিয়ে ভেজাল মশলা তৈরির সময় এক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রবিবার (০৮ মার্চ) বিকেলে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরূপারচক এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান।
অভিযান চলাকালে দেখা যায়, উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরূপারচক এলাকার মৃত মানিক শেখের ছেলে মো. জাকির শেখ ভোজ্য মসলার সঙ্গে কৃত্রিম রং মিশিয়ে বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিলেন। বিশেষ করে খাবার অনুপযোগী ধনিয়ার সঙ্গে কৃত্রিম রং মিশিয়ে তা বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালতের টিম তাকে হাতেনাতে আটক করে। পরে ঘটনাস্থল থেকে খাবার অনুপযোগী দুই বস্তা ধনিয়া ধ্বংস করা হয় এবং এক বস্তা কৃত্রিম রং জব্দ করা হয়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ভেজাল খাদ্য প্রস্তুত ও বিক্রির অপরাধে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য প্রস্তুত ও বাজারজাতকরণ বন্ধ করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান আমার দেশকে জানান, ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
মন্তব্য করুন