রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৭ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সাইফুল হুদা। মঙ্গলবার (০৪ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খানের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি দীর্ঘদিন রাজবাড়ী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসনের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন তিনি গোয়ালন্দ উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন। দায়িত্ব হস্তান্তরকালে সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
দায়িত্ব গ্রহণ শেষে জনাব সাইফুল হুদা বলেন, গোয়ালন্দ উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা দ্রুত ও সহজে পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। এ জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এদিকে ৩৭তম বিসিএসের এই কর্মঠ কর্মকর্তাকে নতুন ইউএনও হিসেবে পেয়ে গোয়ালন্দের সুশীল সমাজ ও প্রশাসনিক কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁর উজ্জ্বল মেয়াদের প্রত্যাশা জানিয়েছেন।
মন্তব্য করুন