রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহা বেপারী পাড়া এলাকায় ধানক্ষেত থেকে রবি (৩০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, মৃত ব্যক্তির নাম রবি। তবে তার পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তিনি দৌলতদিয়া যৌনপল্লীতে জন্মগ্রহণ করেছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে ধানক্ষেতে পানি দেওয়ার মোটরের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন