রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে নদীতে পরে যাত্রী নিয়ে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটির রেজিস্ট্রেশন স্থগিত করেছে বিআরটিএ।
শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৩টার দিকে রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজবাড়ী-ব-১১-০০২৪ নং মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চিঠি ইস্যু করেন এই কর্মকর্তা।
চিঠিতে বলা হয়, গত ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটে গোয়ালন্দের দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় রাজবাড়ী-ব-১১-০০২৪ সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। পরবর্তীতে সবশেষ উদ্ধার অভিযানের তথ্যানুযায়ী ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনার দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বিআরটিএ রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত। চিঠিতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ২৪ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২ এর ৪৬ ও ৪৭ বিধি অনুযায়ী রাজবাড়ী-ব-১১-০০২৪ নং মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হলো এবং মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্সটোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট সনদ ও উক্ত মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কর্মদিবসের মধ্যে বিআরটির রাজবাড়ী কার্যালয়ে হাজির হয়ে মোটরযানটির রেজিস্ট্রেশন কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না মর্মে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় রাজবাড়ী-ব-১১-০০২৪ নং মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করাসহ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এই চিঠি অনুলিপি বিআরটিএর সদর দপ্তর, ঢাকা বিভাগ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তর সমুহে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২৫ মার্চ বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকাগামী সোহার্দ্য পরিবহনের যাত্রীবাহি বাসটি দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাট দিয়ে ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পরে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত নারী-শিশু ও গাড়ির চালক সহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গঠিত হয়ে পৃথক দুইটি তদন্ত কমিটি।
মন্তব্য করুন