রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় অভিযান শুরু করে উদ্ধারকারী দল।
উদ্ধার কার্যক্রম জোরদার করতে ফেরিঘাটের পন্টুন সরিয়েও নদীর তলদেশে তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি স্পিডবোট দিয়ে আশপাশের বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে, কোনো মরদেহ ভেসে গেছে কি না তা খতিয়ে দেখতে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল যৌথভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করছে। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় মরদেহ স্রোতের সঙ্গে ভেসে যাওয়ার আশঙ্কা থাকায় সম্ভাব্য সব স্থানে তল্লাশি জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের আশঙ্কা থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, “উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে কোনো নিখোঁজ ব্যক্তি থাকলে তাকে খুঁজে বের করা যায়।” তিনি আরও জানান, সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মন্তব্য করুন