রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে হেরোইনসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলাধীন উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকার মৃত দলুরুদ্দিন সরদারের ছেলে জামাল সরদার (৪৮), গোয়ালন্দ উপজেলার শামসু মাস্টারপাড়া এলাকার মৃত মজিদ শেখের ছেলে হাতেম শেখ (৫৭) এবং রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষ্মীপুর এলাকার মৃত রহমান বিশ্বাসের ছেলে মো. শহীদ বিশ্বাস (৫৫)।
অভিযান সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই তিনজনের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়। পরে তাঁদের হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত তিনজনকে রাজবাড়ী জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন