রাজবাড়ী-১ আসনের বিজয়ী প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী এ দেশের মানুষ আবার একবার প্রমাণ করলো এই দেশে সকলকে নিয়ে একত্রিত বসবাস করার মত একটি উপযোগী স্থান। এখানে কোন বিভাজন তৈরি করে দেশের মানুষকে বিপথে নেয়া যাবে না। বাংলাদেশের নতুন সম্ভাবনাকে কাজের লাগাতে আমাদের নেতা তারেক রহমান দেশের মানুষকে নতুন একটি সকাল, নতুন একটি বাংলাদেশ উপহার দেবে। এই কারণে দেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীদের কে ভোট দিয়ে বিজয়ী করেছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরে তার নিজ বাসভবনে এক অনূভূতি প্রকাশে তিনি এসব কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক, এ বিজয় জনগণের বিজয় । দেশের মানুষ গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতি শ্রদ্ধাশীল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আলোর বর্তিকা নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন। তা বেগম খালেদা জিয়ার হাতে বিকশিত হয়েছে। সে ধারাবাহিকতায় এখন নতুন এক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ বিএনপি’র প্রার্থীদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে। এদিকে নির্বাচনী ফলাফল ঘোষনার পর সকাল থেকে ফুলেল শুভেচ্ছা ও ভালবাসা জানাতে তার বাসভবনে আসতে শুরু করেন নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় ফুলের শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হন নব-নির্বাচিত এই সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
রাজবাড়ী-১ সংসদীয় আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন বিএনপি মনোনিত ধানের শীষ প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ বিজয়ের মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন।
এর আগে রাত ২টার দিকে আনুষ্ঠানিক ভাবে জেলা রির্টানিং অফিসার তাকে রাজবাড়ী-১ আসনে বিজয়ী বলে ঘোষনা করেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৫৪ হাজার ৫৪১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন জামায়াতে ইসলাম সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ নূরুল ইসলাম, তিনি পেয়েছেন ১ লক্ষ ১ হাজার ৯২ ভোট।
এদিকে রাজবাড়ী-২ আসনে প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ হারুন-অর-রশিদ। সকাল থেকে তাকেও শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীরা। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন ১১ দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থী জামিল হিজাযী, তার প্রাপ্ত ভোট ৬৭ হাজার ২৯৯ ভোট।
মন্তব্য করুন