রাজবাড়ীর সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে মাদকাসক্ত এক ব্যক্তির লাঠিপেটায় সমশের শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সমশের শেখ ওই গ্রামের মৃত সোবাহান শেখের ছেলে। অভিযুক্ত বরকত শেখ (৫০) একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেহরি শেষে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরেন সমশের শেখ। এ সময় তিনি দেখতে পান বরকত শেখ তার ছেলে-বউয়ের ঘরের দরজা ও বেড়া ভাঙচুরের চেষ্টা করছে। এতে বাধা দিলে বরকত ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তাকে বাড়ির পাশের বাঁশঝাড়ে নিয়ে গিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সমশের শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, বরকত শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন। এ নিয়ে এলাকায় একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও জানান তারা।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, অভিযুক্ত বরকত শেখকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে তিনি জানান।
মন্তব্য করুন