রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহপ্রচার সম্পাদক মো. রাসেল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর ফয়জুদ্দিন মাতুব্বরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. রাসেল শেখ ওই গ্রামের মো. ছলিম শেখের ছেলে। তিনি উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য এবং গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহপ্রচার সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ ডিসেম্বর গোয়ালন্দঘাট থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে রাসেল শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়ালন্দঘাট থানার তদন্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন রেজা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন