রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মা ইলিশ সংরক্ষণ নিশ্চিতকরণে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌপুলিশ।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে আনুমানিক ৯০টি অবৈধ চায়না দুয়ারী জাল এবং ৫০০ মিটার ক্ষতিকর কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত এসব অবৈধ জাল বিধি মোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট এবং নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ যৌথ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে কর্মকর্তারা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশ সম্পদ রক্ষার লক্ষ্যে সরকার সার্বক্ষণিক নজরদারি রাখছে। ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জালের ব্যবহার রোধ ও মা ইলিশ রক্ষায় জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মন্তব্য করুন