বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনায় সভায় রাজবাড়ীতে তামাকের পক্ষে কথা বলে তোপের মুখে পড়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ হোসেন শহীদ সরোওয়ার্দী।
রবিবার (৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব তামাক মুক্ত দিবসের র্যালি শেষে দিবসটির আলোচনা সভায় তার বক্তব্যে তিনি তামাকের পক্ষে কথা বলেন। এ সময় তাৎক্ষনিক তার বক্তব্যের প্রতিবাদ জানান জেলা প্রশাসক সহ সভায় উপস্থিত ব্যাক্তিরা।
বক্তব্যে তিনি বলেন, মাঝে মাঝে উদ্দেশ্য পরিবর্তন করতে হয়, কারণ মনমানসিকতা সব সময় একরম থাকবে না। এবং প্রত্যেকটি মানুষের ভাল ও খারাপ দিক আছে। বিষয়টি যে যেভাবে নেয়। তবে অন্য জেলার তুলনায় রাজবাড়ীতে তামাক চাষ কম হয়। মূলত অল্প কিছু জমি যেগুলো খুব বেশি কাজে লাগে না এরকম জমিতে মানুষ তামাক চাষ করে। কিন্তু আমরা মুল জায়গায় যাই না। আসলে তামাকে কোন পোকা লাগে না, কিন্তু আমাদের ফসলে অনেক পোকা লাগে। ফলে প্রচুর পরিমানে কিটনাষক ব্যবহার করতে হয়। আর এর ফলে কি ক্ষতি হয় আমরা কি জানি। কিন্তু তামাকে কোন পোকার উপদ্রব হয় না। এখন আপনারা কিটনাষকের ব্যবহার নিয়ে কথা বলছেন না, বলছেন তামাক নিয়ে। এ সময় তিনি তোপের মুখে পরেন।
সভায় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম প্রমূখ।
সভা শুরুর পূর্বে তামাকের ভয়াবহতা নিয়ে দেখানো হয় প্রেজেন্টেশন। এবং ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ১৩ মাসে জেলায় মোট ৭৯ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৯১টি মামলায় ৯১ জন আসামিকে ৪৫ হাজার ৭০০ টাকা জরিমনা করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সবাইকে সচেতন করা হচ্ছে, কেউ যেন তামাক জাতীয় পন্য ব্যবহার না করে। তামাক জাতীয় পন্য ব্যবহার করে কেউ উপকৃত হয়েছে এমন কোন নজির নাই। কিন্তু ক্ষতি হয়েছে এমন হাজার হাজার উদাহরন আছে। চিকিৎসকের কাছে গেলেই তারা অনেককে প্রেস্ক্রীপ করে ধুমপান বন্ধ করতে হবে। সরকারের উদ্দেশ্য ধুমপান ও তামাক জাতীয় পন্যের ব্যবহার বন্ধ করা। আমরা সেই উদ্দেশ্য নিয়েই কাজ করছি। তিনি আরও বলেন, জেলায় যারা তামাক চাষ করে তাদের তালিকা করে প্রণোদনা দিয়ে তামাক থেকে দুরে সরিয়ে আনা হবে। তামাকের কোন উপকারীতা নাই। ফলে তামাক থেকে নিজে এবং নিজেদের পরিবারকে দুরে রাখার চেষ্টা করুন।
এরআগে ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে বিশ্ব তামাক মুক্ত দিবসের র্যালি অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন