রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেছে গোয়ালন্দ প্রেসক্লাব।
সোমবার (০৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রেসক্লাবের সদস্যবৃন্দ বিদায়ী ইউএনও সাথী দাসের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন। এসময় তাঁরা সাথী দাসের কর্মময় জীবনের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মেহেদুল হাসান আক্কাস, সাবেক সভাপতি গণেশ পাল, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক সাইফুর রহমান পারভেজ, প্রচার সম্পাদক লুৎফর রহমান, সদস্য সিরাজুল ইসলাম, উদয় দাস, মো. আক্তারুউজ্জান রনি, জাকির হোসেন প্রমুখ।
এ সময় বিদায়ী ইউএনও সাথী দাস গোয়ালন্দে কর্মরত অবস্থায় প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গোয়ালন্দের মানুষের ভালোবাসা ভোলার নয় এবং এখানকার মানুষের সহযোগিতা ও আন্তরিকতা তিনি সবসময় মনে রাখবেন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিষ্ঠার সঙ্গে গোয়ালন্দ পৌরসভার দায়িত্বও পালন করেন, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সাথী দাস ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হিসেবে দুইবার নির্বাচিত হন। এর মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে গোয়ালন্দের সুনাম বৃদ্ধি করেছেন।
মন্তব্য করুন