রাজবাড়ীর গোয়ালন্দ প্রপার হাইস্কুলে ২০২৫ শিক্ষাবর্ষের নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও নিতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও আত্মবিশ্বাসী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস বলেন, শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ভিত্তিক ফলাফল মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষকদের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের এই ফলাফল তাদের পরিশ্রম ও শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের জন্য শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অধ্যবসায় ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণিতে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মাঝে ফলাফল ও শুভেচ্ছা জানানো হয়। এসময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন