দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত তৎপরতা ও পূর্বপ্রস্তুতির কারণেই কোনো প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান। শুক্রবার (৫ জুন) বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “সকলের সহযোগিতা, সচেতনতা এবং তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রমের কারণে আজকের ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, নৌপুলিশ, বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস, দ্রুততার সঙ্গে কাজ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “গত ঈদুল ফিতরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বাসডুবিতে ২৬ জনের প্রাণহানির পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনা ছিল, ফেরিতে যানবাহন ওঠানোর আগে সকল যাত্রীকে নামিয়ে দিতে হবে। সেই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করায় আজকের ঘটনায় বাস নদীতে পড়ে গেলেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। আজকে বাস ডুবির ঘটনায় শুরু থেকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পরিস্থিতির খবর নিয়েছেন।
প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, দৌলতদিয়ায় বাসডুবির ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্মসচিব রফিকুল করিমের নেতৃত্বে গঠিত এ কমিটিতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি’র প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন