তামাক সেবন থেকে বিরত থাকার উদ্দেশ্যে এবং তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব ও মানবস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাবের বিষয়ে রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। রোববার (৭ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাংলাদেশে তামাক ব্যবহার এখনো একটি বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বব্যাপী ১২৫টিরও বেশি দেশে তামাক চাষ হলেও আবাদযোগ্য জমির সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তামাক চাষে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৩তম। বিশ্বের মোট তামাক উৎপাদনের প্রায় ১ দশমিক ৩ শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়। মানুষকে নিকোটিন ও তামাক আসক্তির ঝুঁকি থেকে রক্ষা করতে ই-সিগারেট, ভেপিংসহ নতুন ধরনের তামাকপণ্যের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে প্রশাসনের উর্দ্ধতন দপ্তর থেকে কার্যকর নীতি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার উপর গুরুত্বারোপ করেন তারা।
মন্তব্য করুন