স্টাফ রিপোর্টার :
রাজবাড়ীতে বিকাশ ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাই মামলার পলাতক আসামি রাসেল তফেদারকে (২৭) অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব-১০। তিনি আগমাড়াই এলাকার মো. তৌহিদ তফেদারের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে বিকাশ ব্যবসায়ী মো. সোহেল রানা দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাজবাড়ী সদর উপজেলার আগমাড়াই দাদশী রেলগেট এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিনজন ছিনতাইকারী মুখে কাপড় বেঁধে দেশীয় অস্ত্রের মুখে তাকে পথরোধ করে। ছিনতাইকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে তার সাথে থাকা বিকাশ লোডের নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব-১০ এর সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেন। এরপর র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় রবিবার (২২ জুন) বিকাল সোয়া ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলাধীন দাদশী বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি মো. রাসেল তফেদারকে গ্রেপ্তার করে র্যাব-১০। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি রাসেলকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে ছিনতাই মামলার একটি বড় অগ্রগতি হয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন