বিএনপি সরকার গঠন করেছে। আর এটাই প্রথম ঈদ। অতীতে ঘরমুখো মানুষকে দৌলতদিয়া ঘাটে নানা ভোগান্তিতে পড়তে হয়েছে। তাই এবারের ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে পুরোনো ভোগান্তি আমরা দেখতে চাই না। ঘরমুখো মানুষ দৌলতদিয়ার মাটিতে পা রেখেই যেন পরিবর্তনটা বুঝতে পারেন। অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি, ছিনতাইয়ের কোন অভিযোগ আমরা শুনতে চাই না।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এসব কথা বলেন।
তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা দেন, জনভোগান্তির সৃষ্টি করে, এ রকম কোন কিছুতে আপনারা যদি প্রশ্রয় দেন তাহলে আমরা বুঝে নিবো, অতীতের ভোগান্তি সৃষ্টির সাথে আপনারাও জড়িত ছিলেন। মাদক বিরোধী অভিযান সম্পের্কে তিনি বলেন, শুধু সেবনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হবে না, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যাবস্থা নিতে হবে।
মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধান মন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহিতায় বিশ্বাসী। তাই সরকারী প্রতিটি কাজের জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে চাই। জনগণের জন্য হয়রানি ও দূর্ণিতিমুক্ত সরকারী সেবা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে প্রতিটি সরকারী দপ্তরের সামনে ওই দপ্তরের সেব কার্যক্রমের বিবরন সম্বলিত বিলবোর্ড টাঙানো থাকতে হবে।
তিনি আরো বলেন, আমার সরকারী সেবার প্রতিটি কর্মকান্ড ডিজিটালাইজ করব। যাতে অপচয় রোধ করে জনগণকে যথাযথ সেবা প্রদান করা যায়।
মতবিনিময় অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ স্ব-স্ব বিভাগের কর্ম পরিকল্পনা ও সমস্যার কথা তুলে ধরেন এবং উপদেষ্টা ও প্রতিমন্ত্রী সমস্যাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানান।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ প্রমুখ।
মন্তব্য করুন